
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে।
তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ওমান ও দুবাইয়ের মতো মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যেই ১৫০ ডলার ছাড়িয়েছে। তার মতে, অন্যান্য তেলের দাম ২০০ ডলার ছুঁতে খুব বেশি সময় লাগবে না।
তিনি আরও বলেন, তেলের মূল্যবৃদ্ধি এখন মূলত নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় নতুন হামলার প্রভাবে ইউরোপের গ্যাস বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপীয় বেঞ্চমার্ক ডাচ টিটিএফ গ্যাসের দাম একপর্যায়ে ৩৫ শতাংশ বেড়ে ৭৪ ইউরোতে পৌঁছায়, যদিও পরে কিছুটা কমে আসে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের হামলায় কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন