
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান।
সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার মধ্যরাতে ঘটে কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনা। এর নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তিনি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্রেন-বাস সংঘর্ষের প্রতিটি ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, কুমিল্লার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি করেছে জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
ইতোমধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এছাড়াও ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং, সেতু ও সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন