
সারা দেশে বইছে ঈদুল ফিতর-এর আমেজ। আর এই উৎসবকে ঘিরে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাংসসহ নিত্যপণ্যের চাহিদা। সেই সঙ্গে বেড়েছে দামও।
শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের দিনেও গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। অধিকাংশ দোকানেই ৮৫০ টাকা দরে মাংস বিক্রি করতে দেখা গেছে। কোথাও কোথাও ৭৮০ থেকে ৮০০ টাকায়ও বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বর্তমানে এটি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়, যা সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ঈদের দিনে খোলা থাকা মুদি দোকানগুলোতে তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে কোমল পানীয়, আইসক্রিম, চকলেট ও চিপস। দোকানিরা বলছেন, শিশুদের হাতে ঈদের টাকা থাকায় এসব পণ্যের চাহিদা বেড়েছে।
এছাড়া, অনেকেই ব্যস্ততার কারণে আগেভাগে বাজার করতে না পারায় ঈদের দিনেই কিনছেন সেমাই, চাল, তেল ও মসলা।
ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে সেমাই ও দুধের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু এলাকায় সয়াবিন তেলের সংকট রয়েছে। পাশাপাশি মসলা ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে।
মন্তব্য করুন