
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা মো. জাকির হোসেন। প্রথম দুই জামাতের মতো তৃতীয় জামাতেও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
এর আগে সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতের পর বিশেষ দোয়ায় মহান আল্লাহর কাছে গুনাহ মাফ, দেশকে সব ধরনের বালা-মুসিবত থেকে রক্ষা এবং রমজানের রোজা ও ইবাদত কবুলের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত ও বিশ্বের নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও দোয়া করা হয়।
মোনাজাতের সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখা যায়।
এদিকে, জাতীয় মসজিদে ঈদের আরও দুটি জামাত সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।
মন্তব্য করুন