
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে?’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয়ী হন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
প্রতিপক্ষের প্রাপ্ত ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ভোটের আগে থেকেই তাঁদের বিশেষ প্রস্তুতি ছিল। তিনি বারবার আশঙ্কা করেছিলেন যে ‘ইঞ্জিনিয়ারিং’ হতে পারে। তাঁর দাবি, সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত করা হয়েছে, তবে কীভাবে করা হয়েছে তা আগে বুঝতে না পারলেও এখন তা স্পষ্ট হচ্ছে।
বিএনপির ভূমিধস জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ব্যক্তিগতভাবে তিনি আনন্দিত এবং দেশবাসীও আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাঁদের রায়ের যথাযথ প্রতিফলন পাবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন, পরে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, আর এখন তাঁদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছেন—এটাই তাঁর ভালো লাগার কারণ।
মন্তব্য করুন